মুক্তমন রিপোর্ট : পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।
দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু তাঁর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হককে সঙ্গে নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যান। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় প্রকৃতি, সমৃদ্ধ ইতিহাস, আবহমান ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়।
মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক বৈচিত্র্যকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে বান্দরবান জেলার বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন জাতিসত্তার নিজস্ব আচার-আচরণ, পোশাক, রীতিনীতি ও লোকসংস্কৃতিকে সমন্বিতভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি আরও জোরদার করা সম্ভব। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণের নতুন দিগন্ত উন্মোচনে সংস্কৃতিচর্চার প্রসার ঘটাতে হবে।
সৌজন্য সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপিও উপস্থিত ছিলেন। তিনি দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আগামী ২৫ অক্টোবর বান্দরবানে আয়োজিত প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
Muktomon/TA