ব্রাজিলের একাদশ প্রকাশ আনচেলত্তির

সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি
সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

মুক্তমন রিপোর্ট : সাধারণত ম্যাচের আগে দলের একাদশ নিয়ে সরাসরি কিছু বলতে চান না কোচরা। তবে এবার সেই চেনা কৌশল থেকে বেরিয়ে এসে কৌতুকের সুরে ব্রাজিলের সম্ভাব্য একাদশই জানিয়ে দিলেন কোচ কার্লো আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এস্তেভাও উইলিয়ানের ক্লাব চেলসিতে কম খেলার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে ব্রাজিল কোচ বলেন, জাতীয় দলের পরিকল্পনা ক্লাবের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না।

আনচেলত্তি বলেন, এস্তেভাও ও অন্য তরুণ খেলোয়াড়রা ব্রাজিলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাবে নিয়মিত খেলার সুযোগ না পেলেও জাতীয় দলে এস্তেভাওকে সুযোগ দেওয়ার কথা জানান তিনি।

এরপর আগামীকালের ম্যাচে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নে একে একে পুরো দলটির নাম জানিয়ে দেন আনচেলত্তি।

তার দেওয়া একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন হুগো সুজা। রক্ষণভাগে ম্যাথিউজিনহো, মার্কিনিয়োস, ভিটর রেইস ও ডগলাস সান্তোস। মাঝমাঠে দানিলো ও ব্রুনো গুইমারেস। আক্রমণভাগে এস্তেভাও, রাফিনিয়া, এন্ড্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

একাদশের নাম বলার পর অবশ্য হাস্যরস করে সাংবাদিকদের সতর্ক করে দেন আনচেলত্তি। তিনি বলেন, ‘তবে এতে অভ্যস্ত হয়ে পড়বেন না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে ভারতেও একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Muktomon/TA