ফেনী সফরে প্রধানমন্ত্রী

ফেনীতে প্রথম সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি
ফেনীতে প্রথম সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর সফর ঘিরে জেলার বিভিন্ন এলাকায় চলছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর কাছে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৈতৃক জেলা ফেনী। ফলে তাঁর প্রথম সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিকভাবে আগ্রহ তৈরি হয়েছে।

ফেনী-১ আসনের অন্তর্ভুক্ত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে থাকে। জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রয়েছে নদীভাঙনের সমস্যাও। এসব কারণে বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি দীর্ঘদিনের।

সফরের অংশ হিসেবে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটির মাধ্যমে বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হবে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণে বাঁধের কাজ প্রধানমন্ত্রীর সফরে উদ্বোধন করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও রয়েছে স্থানীয়দের বিভিন্ন দাবি। ফেনীতে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানিয়েছেন জেলার বাসিন্দারা।

সফরসূচিতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং সরকারি দপ্তরে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কথাও রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম এবং ইমাম-পুরোহিতদের সম্মানীসহ দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফরকে সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয়দের প্রত্যাশা, সফরে জেলার বন্যা, নদীভাঙন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা নিয়ে কার্যকর উদ্যোগের ঘোষণা আসবে।

Muktomon/TA