গণমাধ্যম স্বাধীনভাবে কাজ না করলে গণতন্ত্র বিকশিত হবে না

চট্টগ্রামে বক্তব্য দিচ্ছেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম
চট্টগ্রামে বক্তব্য দিচ্ছেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম

মুক্তমন রিপোর্টার : স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ১৫ বছর সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ সংবাদমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সে সময় গণতন্ত্র ও দেশের স্বার্থকে উপেক্ষা করে একপক্ষীয়ভাবে গণমাধ্যম পরিচালনা করা হয়েছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সংবাদমাধ্যমে পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। এতে জনগণ ন্যায়বিচার থেকেও বঞ্চিত হতে পারেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডিইউজে সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম এবং জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।