মুক্তমন রিপোর্ট : ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং হালুয়াঘাট উপজেলার ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আটজন চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস দুটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।