মুক্তমন রিপোর্টার : সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আফজাল মিয়া, গণি মিয়াসহ সংগঠনের নেতারা
সমাবেশে নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান সাময়িকভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি নতুন লাইসেন্স প্রদান, পৌর এলাকার বাইরে বিতরণ করা লাইসেন্স যাচাই করে জব্দ বা বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্স দেওয়ার অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
নেতারা আরও বলেন, সুনামগঞ্জ পৌর শহরের ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে এ পেশার ওপর নির্ভর করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বর্তমানে পৌর প্রশাসনের অভিযান ও লাইসেন্সসংক্রান্ত জটিলতার কারণে তারা সমস্যায় পড়েছেন।
লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত শ্রমজীবী মানুষদের অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
দাবি বাস্তবায়ন না হলে আগামীতে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
পরে নেতারা পৌর প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে গেলে পৌর প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেননি বলে দাবি করেন তারা।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি