রেজাউল হক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া ওয়ার্ডের পশ্চিমপাড়া গ্রামের ৬২ বছর বয়সী বিধবা হাসনা খাতুন প্রায় দুই বছর ধরে বিধবা ভাতা না পাওয়ায় ভোগান্তিতে ছিলেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এবার তার বিধবা ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, নাজিমখান ইউনিয়নে বিধবা ভাতার বরাদ্দ না থাকায় হাসনা খাতুনকে এতদিন ভাতা দেওয়া সম্ভব হয়নি। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তার ভাতা চালুর বিষয়ে উদ্যোগ নেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোসলেম মিয়া ও মহিলা ইউপি সদস্যের স্বামী মোফাস্সেল হক।
পরে তারা হাসনা খাতুনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাজারহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাতার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে হাসনা খাতুনকে চলমান বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যে তার ভাতা পাওয়ার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, বিধবা ভাতা নিয়ে হাসনা খাতুন ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে তারও মীমাংসা হয়েছে বলে জানা গেছে।
মীমাংসার পর হাসনা খাতুন সংশ্লিষ্টদের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। মহিলা ইউপি সদস্যের স্বামী মোফাস্সেল হক ও ইউপি সদস্য মোসলেম মিয়া বিষয়টি নিয়ে অনুতপ্ত বলে জানিয়েছেন। তাদের ভাষ্য, ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
হাসনা খাতুন বলেন, দীর্ঘদিন বিধবা ভাতা না পাওয়ায় তিনি সমস্যায় ছিলেন। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং তার প্রয়োজনীয় কাগজপত্র সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। দ্রুত ভাতা চালু হবে—এমন আশ্বাস পাওয়ায় তিনি সন্তুষ্ট।
স্থানীয়রা জানান, অসহায় ও দরিদ্র মানুষের সরকারি ভাতা প্রাপ্তিতে কোনো জটিলতা দেখা দিলে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। হাসনা খাতুনের ক্ষেত্রেও সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে কাগজপত্র যাচাই শেষে হাসনা খাতুনের বিধবা ভাতা কার্যকরভাবে চালু হয়ে তিনি অর্থ পেলে তার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা।