চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু ১১ দলীয় ঐক্যের

চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা
চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা

মুক্তমন রিপোর্ট : গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। নেতাদের বক্তব্য শেষে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের বহর শাপলা চত্বর থেকে রওনা হয়।

লং মার্চের পথে পূর্বনির্ধারিত কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা হবে।

লং মার্চের শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবি সামনে রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রশাসন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও কর্মসূচির অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।