চরফ্যাশনে ৬৩ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা ও সম্মাননা

চরফ্যাশনে জিপিএ-৫ পাওয়া ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান
চরফ্যাশনে জিপিএ-৫ পাওয়া ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

মীর সাজু :  ভোলার চরফ্যাশনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৬৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় ব্রজগোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যারিস্টার মেহেদী হাসান রনভী, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সম্পাদক রিয়াজুল ইসলাম বাদল চৌধুরী, ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার সম্পাদক মীর শরীফ হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, সরকারি টি.বি. স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, প্রভাষক মো. আলাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলাম ও শিক্ষার্থী ফাতিমা তিনা।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যতেও তাদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

ভোলা প্রতিনিধি

Muktomon/TA