মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির বেশি

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মীদের সমস্যা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মীদের সমস্যা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ

নুরুল ইসলাম সুজন : জীবিকার সন্ধানে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় পাড়ি জমালেও সেখানে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। নিয়োগ-সংক্রান্ত ঋণ, বকেয়া বেতন, ভিসা ও অভিবাসন জটিলতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ করছেন প্রবাসী কর্মীরা।

হাইকমিশন সূত্রে জানা গেছে, ২০২২ সালে মালয়েশিয়ায় নিয়োগ প্রক্রিয়া শুরুর পর থেকে এ পর্যন্ত বেতন, ভিসা নবায়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৪৫০টি অভিযোগ পেয়েছে হাইকমিশন। এর মধ্যে ৩৩০টির বেশি অভিযোগ নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতায় সমাধান করা সম্ভব হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেনাংয়ে Responsible Business Alliance (RBA) আয়োজিত ‘From Commitment to Action: Best Practices of Human Rights Due Diligence Across Supply Chain’ শীর্ষক প্যানেল আলোচনায় অভিবাসী কর্মীদের সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন।

আলোচনায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা অভিবাসী কর্মীদের দৃষ্টিভঙ্গি এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, কর্মী, নিয়োগকর্তা, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিযোগের সমাধান, ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করতে হাইকমিশন কাজ করছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সহায়তা এবং মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও হাইকমিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাইকমিশন সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্মীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হচ্ছে।