রোনালদো ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের জয়ে গোলের পর উদ্‌যাপনে জোয়াও ফেলিক্স
ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের জয়ে গোলের পর উদ্‌যাপনে জোয়াও ফেলিক্স

মুক্তমন রিপোর্ট : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে এই জয়ে ১৮ বছর পর নতুন এক রেকর্ড গড়েছে দলটি। রোনালদোকে ছাড়া দেশের বাইরে কোনো ম্যাচে চার গোল করার কীর্তি দেখাল তারা।

ডেনমার্কের কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেন গনসালো রামোস ও জোয়াও ফেলিক্সরা। রোনালদো আগেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় এই ম্যাচে খেলেননি।

এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচেও পুরো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৮ বছর পর প্রথমবার কোনো ম্যাচে পুরো সময় বেঞ্চে কাটান তিনি।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ৮৭তম মিনিটে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন জোয়াও ফেলিক্স। ডিওগো ডালটের ক্রস থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান মিস্টারচিপের তথ্য অনুযায়ী, পর্তুগালের হয়ে ক্যারিয়ারে প্রথমবার টানা তিন ম্যাচে গোল করলেন ফেলিক্স। এর আগে ওয়েলস ও নরওয়ের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

স্ট্যাটসডুফুট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ১৮ বছর পর রোনালদোকে ছাড়া দেশের বাইরে কোনো ম্যাচে চার গোল করল পর্তুগাল। এর আগে সর্বশেষ ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর মাল্টার বিপক্ষে এমন কীর্তি গড়েছিল দলটি।

Muktomon/TA