মুক্তমন রিপোর্ট : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে। এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি প্রকাশ করে তাঁকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী। এরপর থেকেই ওই ব্যক্তির পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ওই ব্যক্তির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন অপু। অন্য একটি ছবিতে তাঁকে ওই ব্যক্তির হাত ধরে থাকতে দেখা যায়।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টে অপু বিশ্বাস লেখেন, ওই ব্যক্তির কাছ থেকে ব্যবসা সম্পর্কে নতুনভাবে জানতে এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তাঁর শেখানো বিষয়গুলোকে নিজের জীবনের পথচলায় মূল্যবান বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
পোস্টের শেষাংশে ওই ব্যক্তিকে শুধু ব্যবসায়িক পরামর্শদাতা নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও পাশে থাকার প্রত্যাশা জানান অপু। তাঁদের বন্ধুত্ব ও পথচলা আরও দীর্ঘ হোক—এমন শুভকামনাও জানান তিনি।
পোস্টটি প্রকাশের পর নিজের কমেন্ট বক্স বন্ধ করে দেন অপু বিশ্বাস। ফলে সেখানে ভক্তদের মন্তব্য করার সুযোগ নেই। একই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ও সরাসরি প্রকাশ করেননি অভিনেত্রী।
Muktomon/TA
তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান বলে উল্লেখ করা হয়েছে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসায়ও মনোযোগ দিচ্ছেন অপু বিশ্বাস। তাঁর এই ব্যবসায়িক পথচলায় ফেরদৌস হাসানের সহযোগিতা ও পরামর্শ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের সম্পর্ক বন্ধুত্ব ও ব্যবসায়িক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাইরে অন্য কোনো সম্পর্ক রয়েছে—এ বিষয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।