জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা ও ভাঙচুর

জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা
জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা

মুক্তমন রিপোর্ট : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে একদল লোক তাঁর বাসার সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন তিনি।
জি এম কাদেরের অভিযোগ, মিছিলকারীরা তাঁর নাম ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা বাসা লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি কাচ ভেঙে যায়। তবে বাসার মূল গেট বন্ধ থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
জি এম কাদের বলেন, পরে পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে এলে মিছিলকারীরা চলে যান। হঠাৎ কেন এ হামলার ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁকে ভারত ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যান। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Muktomon/TA