মকবুল হোসেন : ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী)-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মাদক, কিশোর অপরাধ, প্রযুক্তির আসক্তি ও সামাজিক অবক্ষয়ের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, “মাঠে যে তরুণ ঘাম ঝরায়, সে সহজে অপরাধের অন্ধকারে পা বাড়ায় না।” তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, মনোযোগ, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করতে হবে।
সাঁতারের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা।” সাঁতার আত্মরক্ষার সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায় উল্লেখ করে তিনি প্রতিটি শিশুর সাঁতার শেখার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমীন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ময়মনসিংহ জেলার সম্পাদক মোহছিনা খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. শাহ মাসুম।
প্রতিযোগিতাকে ঘিরে দিনব্যাপী জেলা সুইমিং কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়, অভিভাবক, কোচ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA