মুক্তমন রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্নাসহ সংশ্লিষ্টরা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি (ছাত্র ও ছাত্রী), দাবা ও সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়ামুখী করে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।