এ.কে. পলাশ : কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে দাউদকান্দি সার্কেল। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও ইউনিটকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এবং শ্রেষ্ঠ ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর হাতে ক্রেস্ট তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মাসিক কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দাউদকান্দি সার্কেল ও দাউদকান্দি মডেল থানার এই দ্বৈত অর্জনকে জেলা পুলিশের কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।