মুক্তমন রিপোর্ট : চীনের মকিতে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকি শেষ করে এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের নাগোয়ার উদ্দেশ্যে যাত্রা করছে বাংলাদেশ নারী হকি দল। দলের ১৩ জন খেলোয়াড় ও দুই কর্মকর্তা আজ সোমবার রাতে চীন থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন।
সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে চীনের কিকিহার (সানজিয়াজি) বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ ৬৯৮২ ফ্লাইটে সাংহাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।
ফ্লাইটটি ১৫ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রায় আট ঘণ্টা অবস্থানের পর একই দিন সকাল ৯টা ১০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ ৫২৯ ফ্লাইটে নাগোয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে জাপানের নাগোয়ার চুবু সেন্ট্রাইর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দলটি। নাগোয়া শহরেই অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতা।
এদিকে, বাংলাদেশ নারী হকি দলের আরও পাঁচজন খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তারা ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
জুনিয়র এশিয়া কাপে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই জাপানে পা রাখবে বাংলাদেশ নারী হকি দল।
মিডিয়া উইং
বাংলাদেশ হকি ফেডারেশন
Muktomon/TA