মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে নিয়মতান্ত্রিক, নিরাপদ ও বৈধ উপায়ে কর্মী পাঠানো এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।
বৈঠকে ইউরোপের শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষাগত সনদ ও ব্যাংক স্টেটমেন্টসহ আর্থিক নথিপত্রে কিউআর কোড যুক্ত করার বিষয়টিও আলোচনায় আসে।
এ ছাড়া ইউরোপে বসবাসরত প্রবাসীদের বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং বাংলাদেশ থেকে মানসম্মত প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে ইউরোপের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রক্রিয়া সহজ করা এবং ‘ব্রেন ড্রেইন’ বা মেধা পাচারকে ‘ব্রেন সার্কুলেশন’-এ রূপান্তরের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি বৈধ অভিবাসনের পথ সুগম করতে ইইউ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিয়মতান্ত্রিক, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বর্তমান সরকারের বিভিন্ন নীতিগত সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড চালুর বিষয়েও প্রতিনিধিদলকে অবহিত করেন।
বাংলাদেশ থেকে ইইউভুক্ত দেশগুলোতে কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও জবাবদিহিমূলক করার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
ইইউ প্রতিনিধিদলে কমিশনার ম্যাগনাস ব্রুনারের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক হেনরিক নীলসেন, ক্যাবিনেট সদস্য গ্রিগোরিওস ডেলাভেকোরাস, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা এবং একজন ফার্স্ট কাউন্সেলর।
Muktomon/TA