তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়ে মত প্রকাশ করেন কমিটির সদস্যরা। অতীতের ১৭ বছরের বিভিন্ন অভিজ্ঞতা ও গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

এ সময় গত দুই বছরে রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি চালু হয়েছে বলে বৈঠকে আলোচনা হয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত প্রকাশ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বৈঠকে বলা হয়, প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এ সময় জাতীয় প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেস ক্লাবের অডিটোরিয়াম আরও সুন্দর ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, এমপি; প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি; মো. আশরাফ উদ্দিন, এমপি; মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি; মো. মজিবুর রহমান, এমপি; নিলোফার চৌধুরী মনি, এমপি; ফাহমিদা হক, এমপি; মো. শফিকুল ইসলাম, এমপি এবং মোসা. নাজমুন নাহার, এমপি উপস্থিত ছিলেন।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Muktomon/TA