মুক্তমন রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী কারিনা কাপুরের প্রশংসা পেয়ে মজার জবাব দিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি ইনস্টাগ্রামে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির মন্তব্যের ঘরে কারিনার ভালোবাসাপূর্ণ মন্তব্যের জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’
ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরে বাড়ির বারান্দায় বসে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন সংগীতশিল্পী ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন।
ভিডিওর ক্যাপশনে সাইফ লেখেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’
তাঁর এই পোস্টে মন্তব্য করে কারিনা লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’
স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফের ‘প্লিজ, নজর লাগিও না’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। তাঁদের এই খুনসুটিতে মুগ্ধ হয়েছেন ভক্তদের অনেকে।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এই দম্পতির দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।
এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার ছিল সাইফের। সেই সংসারে তাঁর দুই সন্তান রয়েছেন—বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।
সূত্র : ঢাকা পোস্ট
Muktomon/TA