মুক্তমন রিপোর্ট : ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে ঢাকার আশপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিত এবং সার্কুলার ওয়াটারওয়ে উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের জন্য যেমন পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে। শুধু সরকারের নির্দেশনার অপেক্ষায় না থেকে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের জানান, সভায় ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণের বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা হয়।
এ ছাড়া নদীগুলোর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার বিদ্যমান সার্কুলার ওয়াটারওয়ে আরও উন্নত করার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় প্রধানমন্ত্রী এরই মধ্যে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, নদী রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিচ্ছিন্নভাবে কাজ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। তাই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানী, নৌপরিবহনমন্ত্রী শেখ রাবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।