মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

মুক্তমন অনলাইন : রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সিটি করপোরেশনের একটি গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিরপুর–১০ এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। একপর্যায়ে উচ্ছেদকে কেন্দ্র করে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। এ সময় গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে, মিরপুর–১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেয় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন বলে তাঁদের দাবি।

এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মিরপুর–১০ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।