চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করবে নির্বাচন কমিশন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করবে নির্বাচন কমিশন

মুক্তমন রিপোর্ট : চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে।

এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পূজা, পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

গত ২২ আগস্ট সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, আসনটি শূন্য ঘোষণার পর থেকেই উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আইন অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এ সময়সীমা বিবেচনায় রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও এর আগে জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এ কারণে কমিশন বেশি সময় নেবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।