মুক্তমন রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন না। এমনকি তার মৃত্যু ও দাফন বাংলাদেশে হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা পৌর শহরের প্রেসক্লাবসংলগ্ন হোটেল বে-অব বেঙ্গলে এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সারজিস বলেন, ‘১ হাজার ৪০০ মানুষকে খুন করে’ তিনি ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশে শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবেন না বলেও দাবি করেন তিনি।
বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার প্রসঙ্গে সারজিস আলম বলেন, এখন আর সরকার ‘নতুন’ বা ‘শিশু সরকার’—এমন যুক্তি দেখানোর সুযোগ নেই। সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার সময় এসেছে।
তিনি বলেন, বিএনপি যদি সমস্যাগুলো স্বীকার করে এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়, তাহলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত। তবে চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের মতো সমস্যাগুলো অস্বীকার করলে সেগুলোর সমাধান সম্ভব নয়।
সারজিস আরও বলেন, যারা শুধু কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়েছেন বা কোনো দলের সমর্থক, কিন্তু কোনো অপরাধে জড়িত নন—তারা চাইলে বিএনপি, জামায়াত কিংবা এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, জনগণ এখন আর শুধু বক্তব্য বা পরিকল্পনার উপস্থাপনা দেখতে চায় না; তারা বাস্তব কাজ দেখতে চায়।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন সারজিস।
দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সারজিস বলেন, প্রধানমন্ত্রী তাদের পরামর্শ দিতে বলেছিলেন। পরে এনসিপির সংসদ সদস্যরা লিখিতভাবে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও সংসদেও বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।
তার দাবি, সরকার যদি সংকট মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা নিতে চায়, তাহলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত। তবে শুধু লোক দেখানোর জন্য পরামর্শ গ্রহণ না করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে বিএনপিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান এনসিপির এই নেতা।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার প্রসঙ্গে সারজিস আলম বলেন, যারা অপরাধ করেছেন এবং স্বৈরাচারের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত।
তিনি দাবি করেন, বাঁধন জুলাই আন্দোলনের একজন সহযোদ্ধা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। তাকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান সারজিস।
চোখ হারানো অলিফের ঘটনায় গ্রেপ্তার দাবি
হামলায় চোখ হারানো অলিফের প্রসঙ্গে সারজিস আলম বলেন, হামলায় রডের আঘাতে অলিফের একটি চোখ নষ্ট হয়েছে এবং তিনি সারাজীবন ওই চোখে দেখতে পারবেন না।
ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করার অভিযোগ তুলে তিনি বলেন, হামলায় জড়িতদের মধ্যে অন্তত রড দিয়ে আঘাতকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত ছিল।
দলীয় পরিচয়ের কারণে কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোই এর নেতিবাচক পরিণতি ভোগ করবে বলে সতর্ক করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি
সারজিস আলম জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। দলটি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।