মুক্তমন রিপোর্ট : জার্মানিতে ভোকেশনাল প্রশিক্ষণ বা উচ্চশিক্ষা সম্পন্ন বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের একটি পথ রয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে দক্ষ কর্মীরা অস্থায়ী রেসিডেন্স পারমিট থেকে জার্মানির Settlement Permit বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
জার্মানির রেসিডেন্স অ্যাক্টের ধারা ১৮c (Section 18c)-এ দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার বিষয়ে এসব বিধান রয়েছে।
Settlement Permit পেলে একজন বিদেশি নাগরিককে অস্থায়ী বসবাসের অনুমতির মতো নির্দিষ্ট সময়সীমার মধ্যে বারবার অবস্থান নবায়নের প্রয়োজন হয় না। এর মাধ্যমে জার্মানিতে বসবাস ও কাজের পাশাপাশি নির্দিষ্ট পরিস্থিতিতে স্বনিয়োজিত কাজ এবং পরিবারকে সঙ্গে রাখার সুযোগও থাকে।
ভোকেশনাল ট্রেনিং বা উচ্চশিক্ষা সম্পন্নদের ৫ শর্ত
জার্মানিতে উচ্চশিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং সম্পন্ন করা বিদেশিদের জন্য বিশেষ নিয়মে Settlement Permit পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রধান পাঁচটি শর্ত হলো—
১. কমপক্ষে দুই বছর দক্ষ কর্মী হিসেবে রেসিডেন্স পারমিট
আবেদনকারীকে জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে কাজের জন্য রেসিডেন্স পারমিট নিয়ে কমপক্ষে দুই বছর অবস্থান করতে হবে। এ ক্ষেত্রে রেসিডেন্স অ্যাক্টের ১৮a, ১৮b, ১৮d অথবা ১৮g ধারার আওতাভুক্ত পারমিট প্রযোজ্য।
২. অনুমোদিত পেশায় কাজ করতে হবে
আবেদনকারী বর্তমানে যে কাজ করছেন, সেটি তার বিদ্যমান রেসিডেন্স পারমিটের আওতায় অনুমোদিত হতে হবে।
৩. ২৪ মাস পেনশন বিমায় অবদান
জার্মানির আইন অনুযায়ী আবেদনকারীকে অন্তত ২৪ মাসের জন্য বৈধ সরকারি পেনশন বিমা ব্যবস্থায় অবদান রাখতে হবে।
৪. জার্মান ভাষায় B1 দক্ষতা
আবেদনকারীকে Common European Framework of Reference for Languages (CEFR) অনুযায়ী জার্মান ভাষায় B1 স্তরের দক্ষতা প্রমাণ করতে হবে।
এর পাশাপাশি জার্মানির আইন, সামাজিক ব্যবস্থা ও জীবনযাপন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সাধারণত ‘Living in Germany’ পরীক্ষার মাধ্যমে এ বিষয়টি যাচাই করা হয়।
৫. পর্যাপ্ত আবাসনের প্রমাণ
আবেদনকারী ও তার পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত থাকার জায়গা রয়েছে—এমন প্রমাণ দিতে হবে।
আবেদন করতে খরচ কত?
Settlement Permit-এর জন্য আবেদন করার সময় নির্ধারিত ফি দিতে হয়। আবেদনকারীর শ্রেণি ও অবস্থার ওপর ফি নির্ভর করে এবং তা প্রায় ১৫০ ইউরো পর্যন্ত হতে পারে।
জার্মান সরকারের Make it in Germany পোর্টালে দক্ষ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার শর্ত ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
জার্মানিতে উচ্চশিক্ষা, ভোকেশনাল প্রশিক্ষণ বা দক্ষ কর্মসংস্থানের মাধ্যমে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এসব নিয়ম গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈধ রেসিডেন্স স্ট্যাটাস বজায় রাখা, ভাষাগত দক্ষতা অর্জন এবং জার্মানির সরকারি পেনশন ব্যবস্থায় প্রয়োজনীয় অবদান রাখার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।