খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

খুলনায় ডেঙ্গু সচেতনতা তৈরিতে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
খুলনায় ডেঙ্গু সচেতনতা তৈরিতে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

মুক্তমন রিপোর্টার : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে খুলনায় শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ থাকতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যত্ন নিতে হবে। পাশাপাশি নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী এবং খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ।

পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।