ফ্লেমিংয়ের উত্তরসূরি জহির খান, পেছনে ধোনির পরামর্শ

ধোনির পরামর্শে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে জহির খানের নিয়োগ
ধোনির পরামর্শে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে জহির খানের নিয়োগ

মুক্তমন রিপোর্ট : স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসেবে ভারতের সাবেক পেসার জহির খানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর এই নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ফ্লেমিংয়ের বিদায়ের পর নতুন কোচ খুঁজতে ভারতীয় কোচদের মধ্যেই বেশি গুরুত্ব দিয়েছিল চেন্নাই। গত দুই মাসে একাধিক প্রার্থীর সঙ্গে আলোচনা করে ফ্র্যাঞ্চাইজিটি। এ তালিকায় হেমঙ্গ বাদানির নামও ছিল। তবে শেষ পর্যন্ত জহিরের অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর আস্থা রাখে সিএসকে।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, জহিরকে প্রধান কোচ করার প্রস্তাব দিয়েছিলেন ধোনি। পরে দলের মালিক রুপা গুরুনাথ, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়সহ ক্রিকেট পরিচালনা কমিটির সদস্যরা এতে সম্মতি দেন।

জহিরের নিয়োগের পেছনে তার আইপিএলে কাজের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন ভারতের সাবেক এই পেসার।

ফ্লেমিংয়ের বিকল্প খোঁজার প্রক্রিয়াতেও ধোনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সম্ভাব্য কোচদের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপর দলের মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ দুই দিনের আলোচনার পর জহিরের নাম চূড়ান্ত করা হয়।

সিএসকের পরিকল্পনা ছিল এমন একজন ভারতীয় কোচ নিয়োগ দেওয়া, যিনি মূলত আইপিএলকে অগ্রাধিকার দেবেন এবং অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি দলের সঙ্গে কোচিং চুক্তিতে থাকবেন না। জহিরের ক্ষেত্রে এই শর্তটি পূরণ হচ্ছে।

জহির বর্তমানে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্সের সহ-মালিক। তবে অন্য কোনো টি-টোয়েন্টি দলের কোচিং দায়িত্বে তিনি নেই। ফলে সিএসকের কাঙ্ক্ষিত কাঠামোর সঙ্গে তার অবস্থান সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।

Muktomon/TA