লিমন আহমদ : সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হাম সন্দেহে ১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৪১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১২১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪১৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন রয়েছেন।
এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন হাম ও হাম সন্দেহে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
সিলেট প্রতিনিধি
Muktomon/TA