উদ্ভিদ রোগতত্ত্ব গবেষণায় ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলের অবদান

উদ্ভিদ রোগতত্ত্ব গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল
উদ্ভিদ রোগতত্ত্ব গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল

মুক্তমন রিপোর্ট : উদ্ভিদ রোগতত্ত্ব গবেষণা, জৈবিক নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল। প্রায় ২৫ বছরের শিক্ষকতা ও গবেষণা জীবনে তিনি উদ্ভিদের রোগ ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রোগজীবাণু ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক এবং অণুজীবভিত্তিক কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

তাঁর নেতৃত্বে দেশীয় মাটি থেকে সংগৃহীত Trichoderma asperellum অণুজীব ব্যবহার করে ‘পিজি ট্রাইকোডারমা (Plant Guard Trichoderma)’ নামে একটি জৈবপ্রযুক্তি পণ্য উন্নয়ন করা হয়েছে। গবেষণাভিত্তিক এ প্রযুক্তি জৈব-ছত্রাকনাশক ও জৈব-সার হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করেছে। এর মাধ্যমে কৃষিতে রাসায়নিক উপকরণের ব্যবহার কমিয়ে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলের উল্লেখযোগ্য উদ্ভাবন ‘পিজি ট্রাইকোডারমা’। দেশীয় মাটি থেকে বাছাই করা Trichoderma asperellum অণুজীবের কার্যকর স্ট্রেইন হিসেবে এমবিসিটি উল্লেখ করা হয়েছে। এর এনসিবিআই জেনব্যাংক অ্যাকসেশন নম্বর OR10125623। পণ্যটির ফর্মুলেশনে ১.৫ শতাংশ ওয়েটেবল পাউডার ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।

বিভিন্ন ফসলে মাঠপর্যায়ের পরীক্ষায় প্রযুক্তিটির কার্যকারিতার সম্ভাবনাময় ফল পাওয়া গেছে। গবেষণা-তথ্য অনুযায়ী, টমেটোতে ৪০–৭০ শতাংশ, আলুতে ৩০–৪০ শতাংশ, ধানে ৩০–৫০ শতাংশ এবং গমে ৩০–৩৫ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধির সম্ভাবনা দেখা গেছে। একই সঙ্গে পিজি ট্রাইকোডারমা ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানোর সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে ৫৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। ২০২৪ সালে ‘Plant Physiology’ জার্নালেও তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়।

গবেষণার পাশাপাশি তিনি ২০১১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক অর্জন করেন। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাপান সরকারের Monbukagakusho MEXT Fellowship লাভ করেন।

শিক্ষাজীবনে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে উদ্ভিদ রোগতত্ত্বে পিএইচডি এবং ২০১০ সালে কৃষি বিজ্ঞান (উদ্ভিদ রোগতত্ত্ব) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে উদ্ভিদ রোগতত্ত্বে এমএস এবং ২০০১ সালে বিএসসি কৃষি (সম্মান) সম্পন্ন করেন। বিএসসি পর্যায়ে ৪৬৪ শিক্ষার্থীর মধ্যে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।

২০০২ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল। পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট, বীজ রোগতত্ত্ব কেন্দ্রের সাবেক পরিচালক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সাবেক বিভাগীয় প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী সমিতির সভাপতি হিসেবেও ২০১১–২০১২ মেয়াদে দায়িত্ব পালন করেন।

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে উদ্ভিদ রোগ শনাক্তকরণ ও রোগ ব্যবস্থাপনা, জৈবিক নিয়ন্ত্রণ, অণুজীবীয় জৈব-নিয়ন্ত্রণ উপাদান, ট্রাইকোডারমা ও ব্যাকটেরিয়াল জৈব-উপাদান, অণুজীবীয় বালাইনাশক ফর্মুলেশন, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা, পোষক-রোগজীবাণু পারস্পরিক সম্পর্ক, বীজ রোগতত্ত্ব এবং বীজবাহিত ছত্রাক।

দেশীয় অণুজীবভিত্তিক প্রযুক্তির উন্নয়ন, রাসায়নিক উপকরণের ব্যবহার কমানো এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তাঁর গবেষণা কার্যক্রম কৃষিখাতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

Muktomon/TA