মুক্তমন রিপোর্ট : ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের চলাচল সহজ ও স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ। যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর প্রভাব অর্থনীতিতেও পড়ে। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা তাদের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এ সময় রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণসহ নিরাপদ ও টেকসই ঢাকা গড়ার বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA