মালয়েশিয়ায় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন সবুর খান

মালয়েশিয়ায় আইএসবিসিই ২০২৬ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
মালয়েশিয়ায় আইএসবিসিই ২০২৬ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

মুক্তমন রিপোর্ট : মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (আইএসবিসিই) ২০২৬’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। এতে সামাজিক উদ্যোক্তা তৈরি ও টেকসই সামাজিক প্রভাব সৃষ্টিতে ‘দ্য ড্যাফোডিল মডেল’-এর ভূমিকা তুলে ধরেন তিনি।

১৩ থেকে ১৫ অক্টোবর মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউ) অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য সামাজিক ব্যবসা’। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের প্রথম দিনে ড. সবুর খান ‘ড্যাফোডিলে সামাজিক ব্যবসা: শিক্ষা থেকে কর্ম, উদ্ভাবন ও টেকসই প্রভাব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি ‘সফল সামাজিক উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল মডেল’ বিষয়ে বিশেষ আলোচনা করেন তিনি।

প্রবন্ধে সামাজিক উদ্যোক্তা তৈরিতে ডিআইইউর সমন্বিত পদ্ধতি তুলে ধরেন ড. সবুর খান। তাঁর উপস্থাপনা অনুযায়ী, এ মডেল সাতটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত—শিক্ষা, অভিজ্ঞতা অর্জন, প্রতিযোগিতা, গবেষণা, উদ্যোক্তা তৈরি, সহযোগিতা ও প্রভাব।

তিনি ব্যাখ্যা করেন, কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতা, উদ্ভাবন এবং উদ্যোগ উন্নয়নের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে পারে।

সম্মেলনে সামাজিক ব্যবসাবিষয়ক শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের কর্মসূচি, উদ্যোগ ইনকিউবেশন এবং ডিজিটাল ক্ষমতায়নে ডিআইইউর বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তাসুলভ মানসিকতা গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম টেকসই সমাধান তৈরিতে উৎসাহিত করার বিষয়টি গুরুত্ব পায়।

সম্মেলনে আরও বক্তব্য দেন মালয়েশিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব এন্টারপ্রেনারশিপের (ইনস্কেন) প্রধান নির্বাহী কর্মকর্তা ভিভিয়ান্টি সারজুনি এবং ‘ডিসকভার মুয়েথাই’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ইমরান হারিস।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসবিসিই ২০২৬-এ ড. সবুর খানের অংশগ্রহণ সামাজিক উদ্যোক্তা আন্দোলন এগিয়ে নেওয়া এবং দায়িত্বশীল, উদ্ভাবনী ও ইতিবাচক প্রভাব সৃষ্টিতে সক্ষম নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্ব তুলে ধরেছে।

Muktomon/TA