চলচ্চিত্রের দৃশ্য থেকে চিত্রকর্ম

নির্মাতা যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘অতল’-এর দৃশ্য, যা লন্ডনের বিশেষ আয়োজনে প্রদর্শিত হবে।
নির্মাতা যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘অতল’-এর দৃশ্য, যা লন্ডনের বিশেষ আয়োজনে প্রদর্শিত হবে।

মুক্তমন রিপোর্ট : চলচ্চিত্রের দৃশ্যপট এবার হয়ে উঠবে চিত্রশিল্পীদের অনুপ্রেরণা। পর্দায় যুবরাজ শামীমের ‘অতল’ দেখতে দেখতে এর নানা দৃশ্য ও অনুভূতিকে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন একদল শিল্পী। আগামী ৩০ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস পার্ক গ্যালারিতে বসবে এই ব্যতিক্রমী আয়োজন।

‘আদিম’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া যুবরাজ শামীমের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’ (ইন বিটুইন লিভিং) ঘিরে এ আয়োজন করছে ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও লার্কহল আর্ট ক্লাব।

ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক সাইমন বল জানিয়েছেন, নতুন দর্শকদের কাছে নির্মাতার কাজ তুলে ধরতে তাঁরা আগ্রহী। পাশাপাশি, প্রদর্শনী চলাকালে শিল্পীদের তৈরি কিছু চিত্রকর্ম পরে নির্মাতার সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজ শামীম। তিনি জানান, ‘অতল’ নির্মাণের শুরু থেকেই সিনেমাটিকে তিনি ‘ভিজ্যুয়াল পেইন্টিং’ হিসেবে ভাবছেন। বাংলাদেশের চিত্রশিল্পীদের ছবিটি দেখানোর ইচ্ছা থাকলেও সিনেমা দেখে তাঁদের অনুভূতি ক্যানভাসে ফুটিয়ে তোলার এমন আয়োজনের কথা তাঁর মাথায় আসেনি।

শিল্পীরা ছবিটি কীভাবে দেখেন, তাঁদের মনে কী অনুভূতি তৈরি হয় এবং সেই অনুভূতি কীভাবে ছবিতে প্রকাশ পায়—তা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নির্মাতা।

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’-এর সূত্র ধরেই সাইমন বলের সঙ্গে যুবরাজ শামীমের পরিচয়। সেই পরিচয়ের ধারাবাহিকতায় ‘অতল’কে কেন্দ্র করে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টিতে বিস্ময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা।

২০২৬ সালে নির্মিত ‘অতল’-এর বিশ্ব প্রিমিয়ার হয় ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের ‘অ্যাপোক্যালিপস নাউ’ বিভাগে প্রদর্শনের পর সিনেমাটি রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়।

‘অতল’-এর চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনা করেছেন যুবরাজ শামীম। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন নাঈম তুষার, যিনি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন। শব্দের কাজ করেছেন রিপন নাথ, রঙের কাজ করেছেন আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।

Muktomon/TA