ব্রাজিলের স্কোয়াডে পরিবর্তন, চোটে বাদ জোয়াও পেদ্রো

ব্রাজিলের জার্সিতে জোয়াও পেদ্রো, চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলেন
ব্রাজিলের জার্সিতে জোয়াও পেদ্রো, চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলেন

মুক্তমন রিপোর্ট : ২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অভিযানে নামতে যাচ্ছে ব্রাজিল। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। তবে এই সফরের আগেই স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে ব্রাজিলকে।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার জায়গায় ফ্লুমিনেন্সের মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লিকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে চেলসির ২-২ গোলের ড্র ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন পেদ্রো। তিনি একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। তবে ম্যাচে তার হাঁটুতে অস্বস্তি দেখা দেয়। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) চোটের বিস্তারিত ধরন বা গুরুতরতা সম্পর্কে কিছু জানায়নি।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, আন্তর্জাতিক উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারত সফরের জন্য পেদ্রোর পরিবর্তে ম্যাথিউস মার্টিনেল্লিকে জাতীয় দলে ডাকা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়ামে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর তিনটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন আনচেলত্তি। সেই দলে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকার পাশাপাশি চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করা এস্তেভাও এবং ডিফেন্ডার ওয়েসলিকেও ফিরিয়েছেন তিনি।

ব্রাজিলের এবারের দলে নতুন মুখের সংখ্যাও কম নয়। গোলরক্ষক বিভাগেও নেই অ্যালিসন বেকার ও এডারসন মোরায়েসের মতো অভিজ্ঞরা। তাদের অনুপস্থিতিতে হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিওকে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের সংশোধিত স্কোয়াড

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও

ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, ম্যাথিউস মার্টিনেল্লি

ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র

Muktomon/TA