মালয়েশিয়ায় পাঠানোর নামে জিম্মি, মুক্তিপণ আদায়

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের প্রতিশ্রুতিতে প্রতারণা ও মুক্তিপণ আদায়ের অভিযোগ
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের প্রতিশ্রুতিতে প্রতারণা ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

মুক্তমন রিপোর্ট : ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তিকে ভিজিট ভিসায় দেশটিতে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মাসুদ করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন থানার পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মানিলন্ডারিং মামলায় মাসুদ করিমকে আসামি করা হয়েছে। একই মামলায় তার মালিকানাধীন প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাসুদ করিম। তবে তাদের ভিজিট ভিসায় দেশটিতে নেওয়ার পর বিমানবন্দর থেকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। পরে ভুক্তভোগীদের একজন এ ঘটনায় থানায় মামলা করেন।

সিআইডির অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে মানিলন্ডারিং অনুসন্ধান শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে মাসুদ করিম ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

গত ১২ মার্চ পল্টন থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ২০। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশোধিত ৪(২) ধারা উল্লেখ করা হয়েছে।

সিআইডি জানায়, বর্তমানে মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিদেশে কর্মসংস্থান, অভিবাসন কিংবা ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার পরামর্শ দিয়েছে সিআইডি। সংস্থাটি বিদেশে যাওয়ার আগে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ভিসার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট আটকে রাখা, ভিসা জালিয়াতি, মানব পাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Muktomon/TA