আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো
লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো

মুক্তমন রিপোর্ট : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরোর নাম নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পর আর্মব্যান্ড রোমেরোর হাতেই উঠবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আর্জেন্টিনা দলের অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, রোমেরো আগে থেকেই মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্তিনেজও প্রয়োজনে অধিনায়কত্ব করতে পারেন বলে জানান তিনি। তবে তাঁর মতে, রোমেরোই এ দায়িত্বের জন্য উপযুক্ত ব্যক্তি।

২৮ বছর বয়সী রোমেরো এর আগে আর্জেন্টিনার হয়ে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০২৫ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন তিনি। একই বছর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন।

মেসি ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে তাঁর আনুষ্ঠানিক বিদায় হওয়ার কথা রয়েছে।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন যুগে রোমেরোর নেতৃত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে স্কালোনির নিজের ভবিষ্যৎও এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি।

Muktomon/TA