ভারতের বিপক্ষে বিশেষ জার্সিতে খেলবে নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিশেষ কোটাহিতাঙ্গা জার্সি
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিশেষ কোটাহিতাঙ্গা জার্সি

মুক্তমন রিপোর্ট : ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বিশেষ নকশার জার্সি পরে মাঠে নামবে নিউজিল্যান্ড। দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এই সীমিত সংস্করণের জার্সি তৈরি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জার্সিটি পরবে নিউজিল্যান্ড দল। সম্প্রতি জার্সিটির নকশা প্রকাশ করেছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

কালো রঙের এই জার্সিতে ভারতীয় ও নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতির শিল্পকর্ম তুলে ধরা হয়েছে। এতে রয়েছে ভারতের পদ্মফুল, মণ্ডলাশিল্প ও ঐতিহ্যবাহী স্থাপত্যের নকশা। পাশাপাশি যুক্ত করা হয়েছে নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি নকশা ‘কোয়াইহায়ি’। জার্সিটির নাম দেওয়া হয়েছে ‘কোটাহিতাঙ্গা’।

জার্সিটির নকশা করেছেন বেন থমাসন, শিব নারাণদাস ও জয় পঞ্চা। ভারতীয় মোটিফ নির্বাচনে কাজ করেছেন নারাণদাস ও পঞ্চা। অন্যদিকে থমাসন নকশায় যুক্ত করেছেন মাওরি ঐতিহ্যের উপাদান।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুই দেশের ক্রীড়া সম্পর্কের বিকাশে বছরের পর বছর যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানাতেই বিশেষ এই জার্সি তৈরি করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল অফিসার গ্লেন ক্রিশ্চেলি বলেন, জার্সিটির নকশায় ভারতীয় ও মাওরি শিল্পকলার মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি হয়েছে। এটি দুই দেশের বন্ধনকে তুলে ধরেছে। খেলাধুলা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ভারতের সূচি শুরু হবে ২২ অক্টোবর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর ৪ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ১৯ নভেম্বর।

Muktomon/TA