যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ

মুক্তমন রিপোর্ট : প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগও দাবি করেন তারা।

জানা গেছে, শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।

ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানান, নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষার্থীরা বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও পরীক্ষা শুরু না হলে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানান।

ওই পরীক্ষার্থীর অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। পরে পরীক্ষার জন্য আসা প্রশ্নের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে থেকে অনেক চাকরিপ্রত্যাশী পরীক্ষা দিতে এসেছেন। যাতায়াত ও আবাসন বাবদ কারও কারও দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের আর্থিক ক্ষতি ও ভোগান্তিতে পড়তে হয়েছে।

পরীক্ষার্থীদের অভিযোগ, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Muktomon/TA