জয়ের জন্মদিনে ভালোবাসায় ভরা শাকিব-অপুর বার্তা

আব্রাম খান জয়ের সঙ্গে মা অপু বিশ্বাস
আব্রাম খান জয়ের সঙ্গে মা অপু বিশ্বাস

মুক্তমন রিপোর্ট : ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের দশম জন্মদিন আজ। বিশেষ এই দিনে ছেলেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা।

জয়ের জন্মদিন উপলক্ষে শাকিব খান ছেলের একটি একক ছবি পোস্ট করেন। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে।

ছবির ক্যাপশনে শাকিব খান ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য ও স্বপ্নপূরণের জন্য শুভকামনা জানান। তিনি লেখেন, জয় যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারে এবং তার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

অন্যদিকে জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। আবেগঘন বার্তায় অপু ছেলেকে তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খান জয়ের। এর আগে ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করলেও বিষয়টি দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি তারা। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ করেন অপু বিশ্বাস। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

জন্মের পর থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হিসেবে জয়ও বিনোদন অঙ্গনে ব্যাপক পরিচিতি পায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের আগ্রহ দেখা গেছে।

Muktomon/TA