মুক্তমন রিপোর্ট : পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে মিস্টার ইন্ডাস্ট্রি নামে পরিচিত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে নানা ধরনের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। আজ ৩০ সেপ্টেম্বর তার ৬৪তম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও চরিত্র বাছাই নিয়ে কথা বলেছেন প্রসেনজিৎ। তিনি জানান, দীর্ঘ অভিনয়জীবনে অনেক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করায় নতুন ধরনের চরিত্র খুঁজে পাওয়া এখন তার জন্য কঠিন হয়ে উঠেছে।
প্রসেনজিৎ বলেন , এত চরিত্র করে ফেলেছি। এখন ভাবতে হয়, নতুন আর কী করব! চরিত্র বাছতে খুব কঠিন লড়াই করতে হচ্ছে। সহজে আর এ রকম চরিত্র আসছে না, যা আগে করিনি।
অভিনেতার ভাষ্য, গত কয়েক বছরে যেসব ধরনের চরিত্র তার কাছে এসেছে, সেগুলোর অনেকটাই তিনি ইতোমধ্যে করে ফেলেছেন। তাই নতুন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে সেটি বেছে নিতে তাকে বেশ ভাবতে হয়।
তবে নতুন চরিত্রের প্রতি আগ্রহ এখনো কমেনি প্রসেনজিতের। চলতি বছরেই তাকে দুটি ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে—একটিতে রকস্টার ও অন্যটিতে ডাক্তার হিসেবে।
এখনো কোনো বিশেষ চরিত্রে অভিনয়ের ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রসেনজিৎ বলেন, গডফাদার-এ মার্লন ব্র্যান্ডোর চরিত্রের মতো কিছু করার ইচ্ছা তার রয়েছে।
প্রসেনজিৎ চ্যাটার্জির জন্ম ১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসা এই অভিনেতার নায়ক হিসেবে অভিষেক হয় ১৯৮৩ সালের দুটি পাতা সিনেমায়। ১৯৮৭ সালের ‘অমর সঙ্গী’ সিনেমার মাধ্যমে ব্যাপক তারকাখ্যাতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা।
Muktomon/TA