মুক্তমন রিপোর্ট : দ্বিতীয় ইনিংসে শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। চতুর্থ উইকেটের জুটিতে রান বাড়ানোর পাশাপাশি প্রতিপক্ষের বিপক্ষে লিডও মজবুত করছে টাইগাররা।
রোববার (১১ অক্টোবর) চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৪ রান। প্রথম ইনিংসে পাওয়া ১০৬ রানের লিডের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ২৩০ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সাজঘরে ফেরেন মুমিনুল হক। আগের ইনিংসে দারুণ ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।
সাদমান ইসলাম ২২ বলে ১৩ রান করেন। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান। অন্যদিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করা তানজিদ হাসান তামিম ৩৮ বলে করেন ৩১ রান।
তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও শান্তর ব্যাটিংয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। চা বিরতির আগ পর্যন্ত দুজনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ৭১ রান। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে ছিলেন মুশফিক। অন্যদিকে ২৩ রানে অপরাজিত ছিলেন শান্ত।
এই জুটি অব্যাহত থাকলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ও লিড আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
Muktomon/TA