ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক

পল্লবীর বাউনিয়াবাদ খাল পরিষ্কার কার্যক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
পল্লবীর বাউনিয়াবাদ খাল পরিষ্কার কার্যক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মুক্তমন রিপোর্ট : রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা গেলে একদিকে ডেঙ্গুর প্রকোপ কমবে, অন্যদিকে এলাকার পরিবেশও আরও সুন্দর ও বসবাসযোগ্য হয়ে উঠবে।

শনিবার সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

তিনি বলেন, খালটি পরিপূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতার মাধ্যমে এলাকার পরিবেশও আরও সুন্দর হবে।

খাল পরিষ্কারের পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে খালটি পুরোপুরি পরিষ্কার করার পাশাপাশি দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে এলাকাটিতে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা চলছে এবং সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক ও জাহাঙ্গীর কবির জনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এ ছাড়া যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সদস্যসচিব রবিউল করিম বাবু, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহ্বায়ক রওশন হাসান এবং ছাত্রদল পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল ও সদস্যসচিব খোরশেদ আলম নীরবসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

Muktomon/TA