মুক্তমন রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালায় সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের যথার্থতা যাচাই করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার পেশাগত নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সংবাদ যাচাই-বাছাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।