মুক্তমন রিপোর্ট : টালিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জির প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। প্রায় এক দশক ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলে নিজেদের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন দুজনেই।
সিনেমার পর্দায় বনি-কৌশানীর রসায়ন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাঁদের।
সম্প্রতি এক পডকাস্টে কৌশানী বলেন, জুটি হিসেবে দর্শকদের গ্রহণযোগ্যতা পাওয়া সহজ নয়। এত দিনে তাঁদের জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, তা ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।
কৌশানীর কথার সূত্র ধরে বনি সেনগুপ্ত বলেন, বাস্তব জীবনের সম্পর্ক আর পর্দার সম্পর্ক এক নয়। শুটিং শেষে তাঁকে বাস্তব জীবনে কৌশানীর কাছেই ফিরতে হয় বলেও মন্তব্য করেন অভিনেতা।
বিচ্ছেদের গুঞ্জন ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে—এমন প্রশ্নের জবাবে কৌশানী বলেন, এ ধরনের খবর নিয়ে তাঁর বাবা মজার ছলে প্রশ্ন করেন। তবে তাঁর মতে, তাঁদের মধ্যে যা আলোচনা হওয়ার, তা নিজেদের মধ্যেই হয়।
কৌশানী আরও বলেন, যেকোনো সম্পর্কেই সমস্যা হতে পারে। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। সম্পর্কের মধ্যে সমস্যা হলেই বিচ্ছেদকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি ভারতীয় বাংলা সিনেমার। এর মধ্যে রয়েছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত সিনেমাটি একসঙ্গে দেখার পাশাপাশি পূজার সময়ও একসঙ্গে কাটানোর জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন বনি-কৌশানী।
Muktomon/TA