এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে আজ চুক্তি করছে বিমান

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

মুক্তমন রিপোর্ট : বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করতে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামের অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৬টায় চুক্তি সই হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার উপস্থিত থাকবেন।

প্রস্তাবিত চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে মোট কত অর্থ ব্যয় হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

বোয়িং থেকেও ২৫ উড়োজাহাজ কিনছে বিমান

এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে চলতি বছর মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে দুই দফায় মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান।

গত ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ রয়েছে।

এরপর গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে বিমানের বহরে যুক্ত হতে পারে। সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগতে পারে।

পুরোনো বহরের জায়গায় আসছে নতুন উড়োজাহাজ

বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮। দুটি উড়োজাহাজ প্রায় অচল হয়ে পড়েছে এবং বাকি উড়োজাহাজগুলোরও আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়ার কথা রয়েছে।

তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরও ১০টি উড়োজাহাজ ভাড়া নেওয়ার চেষ্টা করছে বিমান। তবে একাধিক উদ্যোগের পরও এখন পর্যন্ত কোনো উড়োজাহাজ ভাড়া নিতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি।

এয়ারবাসের ১০টি ও বোয়িংয়ের চুক্তিবদ্ধ ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা হবে ৩৫টি। বর্তমান বহরের ১৯টি উড়োজাহাজ ধরে ভবিষ্যতে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়াতে পারে।

বর্তমানে বিমানের বহরে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজের আধিক্য রয়েছে। এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বহর পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Muktomon/TA