রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ৬৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে

মুক্তমন রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান। মৃত ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস হৃদয় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জনের মধ্যে নতুন ও পুরোনো রোগী রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম হলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।