ম্যানইউকে হতাশ করে নিউক্যাসলেই থাকছেন লুইস হল

নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার লুইস হল
নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার লুইস হল

মুক্তমন রিপোর্ট : ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের গুঞ্জনের মধ্যেই নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন লুইস হল। নতুন চুক্তির মাধ্যমে ইংল্যান্ডের এই ডিফেন্ডার নিউক্যাসলে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করলেন। তবে চুক্তিটির মেয়াদ কত বছরের, তা এখনো প্রকাশ করেনি ক্লাবটি।

নতুন মৌসুমে নিউক্যাসলের ইতিবাচক শুরুর মধ্যেই হলের চুক্তি নবায়নের খবরটি সমর্থকদের জন্য বাড়তি স্বস্তির। ২২ বছর বয়সী এই লেফট-ব্যাক ২০২৩ সালের আগস্টে চেলসি থেকে ধারে নিউক্যাসলে যোগ দেন। এরপর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৭টি ম্যাচ খেলেছেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ে হলের দলবদল স্থায়ী করে নিউক্যাসল। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির কারাবাও কাপ জয়ের পথচলায় প্রতিটি রাউন্ডেই মাঠে ছিলেন তিনি। তবে চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি।

চ্যাম্পিয়নস লিগেও নিউক্যাসলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন হল। ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেন ইংল্যান্ড জাতীয় দলেও। ২০২৪ সালের নভেম্বরে প্রথমবার থ্রি লায়ন্সদের দলে ডাক পান তিনি। এরপর ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন চারটি ম্যাচ।

নতুন চুক্তিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হল। নিউক্যাসলের সঙ্গে তার পরিবারের দীর্ঘ সম্পর্কও ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।

হল বলেন, “এটি সত্যিই গর্বের মুহূর্ত। এই ক্লাবের হয়ে খেলা এবং সমর্থকদের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম আনন্দের। ক্লাবটির সঙ্গে আমার পরিবারের একটি সম্পর্ক আছে, যা আমাদের সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি যে কারণে খেলি, তার অন্যতম হলো আমার পরিবারকে গর্বিত করা। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে আমাকে খেলতে দেখাটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমি জানি।”

২০২৬-২৭ মৌসুমের আগে নিউক্যাসলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ম্যাথিয়াস ইয়াইসল। তার অধীনে দলের শুরুটাও আশাব্যঞ্জক বলে মনে করছেন হল।

ইংল্যান্ডের এই ডিফেন্ডার বলেন, “এখানে থাকা সত্যিই ভালো লাগছে। নতুন কোচ ও কোচিং স্টাফ আসার পর আমরা যেভাবে মৌসুম শুরু করেছি, তাতে আমি খুবই আনন্দিত। আমার মনে হয়, আমরা সামনে অনেক বড় কিছু অর্জন করতে পারি।”

ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের মধ্যেও নিউক্যাসলের সঙ্গে নতুন চুক্তিতে সই করে আপাতত নিজের ভবিষ্যৎ সেন্ট জেমস’ পার্কেই নিশ্চিত করলেন হল।