মুক্তমন রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
গত ২১ সেপ্টেম্বর ইউএনজিএ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর বাংলা ভাষণ। এতে তিনি বিশ্বশান্তি ও বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
ভাষণে দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের 3-R কৌশল—Recovery, Restoration ও Reconstruction-এর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি ও তরুণদের সম্ভাবনার বিষয়ও গুরুত্ব পায়।
নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটের সমাধান, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য এবং উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের নানা বিষয় উঠে আসে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতেও অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে নারী নেতৃত্ব, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক অনুষ্ঠান উল্লেখযোগ্য।
Muktomon/TA