নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোস্টেশন ও জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এসব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সংগঠনটির এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী বলেন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হতে পারে বলেও তারা উল্লেখ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অতীতের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলা, ১৫ জুলাইয়ের হামলা এবং আবাসিক হলগুলোতে গণরুম-গেস্টরুমকেন্দ্রিক নিপীড়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। এসব ঘটনায় বিচার নিশ্চিত না হওয়াকে তারা ক্যাম্পাসে অনিরাপদ পরিস্থিতি তৈরির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তাদের ভাষ্য, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে এ ধরনের ঘটনা পুনরায় ঘটার সুযোগ তৈরি হয়। তাই ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
Muktomon/TA