রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল সিলেট মহানগর বিএনপি

রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি

 মুক্তমন রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন, সংবর্ধনা আয়োজনের আগে মহানগর বিএনপির সঙ্গে সমন্বয় করে নাগরিক কমিটি গঠনের বিষয়ে দুই দফা সভা হলেও তা বাস্তবায়িত হয়নি। তাদের দাবি, সিসিক প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণে নাগরিক কমিটি গঠন করা সম্ভব হয়নি।

বিবৃতিতে নেতারা বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তাঁর সিলেট আগমনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন। সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।

বিএনপি নেতারা জানান, রাষ্ট্রপতির সংবর্ধনা নিয়ে নাগরিক কমিটি গঠনের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ও জেলা প্রশাসকের উপস্থিতিতে দুই দফা সভা অনুষ্ঠিত হয়েছিল। তাদের দাবি, উভয় সভাতেই নাগরিক কমিটি গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে তা বাস্তবায়িত হয়নি।

এ ছাড়া মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা। এসব বিষয় নিয়ে সিসিক প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মতবিরোধ তৈরি হয়।

বিবৃতিতে বলা হয়, একপর্যায়ে দলীয় সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নগর ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করলেও রাষ্ট্রপতির প্রতি তাদের শ্রদ্ধা ও স্বাগত জানানোর বিষয়টি স্পষ্ট করেন বিএনপি নেতারা। তারা জানান, রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানানোর পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতেও তারা উপস্থিত ছিলেন।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগর বিএনপির নেতারা সার্কিট হাউসে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ও সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন। 

Muktomon/TA