মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর সুবর্ণচরে মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়ির পাশে ধানখেতসংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাদ্রাসা থেকে নাঈম নানার বাড়িতে আসে। সোমবার রাতে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের দরজা খোলা এবং নাঈম শয়নকক্ষে নেই।
নাঈমের নানা এবায়েদ উল্যাহ জানান, সকালে সার আনার জন্য বাড়ি থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এবায়েদ উল্যাহ আরও অভিযোগ করেন, প্রায় ২০-২৫ দিন আগে নাঈমের মায়ের নতুন করে বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল তার সাবেক স্ত্রী ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। এ কারণে নাঈমের মৃত্যুর ঘটনায় তার বাবাকে সন্দেহ করছেন নিহতের মা।
তবে এসব অভিযোগের বিষয়ে নাঈমের বাবা ইব্রাহীম খলিলের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের থুতনির নিচে আঘাতের দাগ দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে। নিহতের বাবার সঙ্গে কথা হয়েছে; তিনি চট্টগ্রাম অথবা ফেনীতে আছেন এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে আসছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Muktomon/TA